বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ট্রাকটির চালক আল-আমিন হাওলাদার (২৪) ও ট্রাকচালকের সহকারী ফারুক হাওলাদার (৩৫।

আল-আমিন কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় এলাকার আশরাফ হাওলাদারের ছেলে। একই এলাকার নান্নু হাওলাদারের ছেলে ফারুক।

আহত ব্যক্তিরা হলেন লিটন সরদার (৪০), সামিনা আক্তার (৩০), কামরুল হাসান (৩০) ও রেজাউল শরিফ (৩৫)। আহত অন্যদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত ১০ জনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের লাশ মাদারীপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।