বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও ২০ যাত্রী। আজ শনিবার রাত পৌনে সাতটার দিকে সিলেট-তামাবিল জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই তিনজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসযাত্রী দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়।

রাত সাড়ে আটটার দিকে জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাহারুল আলম বলেন, বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানতে পুলিশ বিভিন্ন থানায় বার্তা পাঠাবে।