বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন।নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চোরদি গ্রামের নুর মুহাম্মদ আকন্দের ছেলে বাসচালক মিজান আকন্দ (২৬), লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আবদুর রশিদের মেয়ে লাখ খানম (২৫), ইদ্রিস আলীর মেয়ে রিপা আকতার (১৮) ও আবদুল কুদ্দুছের ছেলে নুরুল হক (২০)। তাঁরা তিনজন পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। এদিকে এই দুর্ঘটনার পর মহাসড়কে মির্জাপুর থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় বেলা ১১টা পর্যন্ত ছয় ঘণ্টাব্যাপী যানজট লেগে থাকে। যানজটের কবলে পড়ে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশের সহায়তায় যানজট নিরসন হয়।পুুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে মহাসড়কের শুভুল্যায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় লালমনিরহাট থেকে ঢাকাগামী ভিআইপি-২৭-এ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে (ঢাকা মেট্রো-জ-১১-৩১৪১) বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে প্রায় ২৫ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত এবং ১৫ জন আহত হন।