বাস-ট্রাকের চাপায় দুই বোন ও শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় বাসের চাপায় দুই বোন নিহত হয়েছেন। একই রাতে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় হোসিয়ারি কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়। এ দুটি ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। নিহত ব্যক্তিরা হলেন, বন্দরের কামতাল এলাকার রাহিমা (৩৫) ও তাঁর বোন আসমা (৩০) এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার আবদুল লতিফের ছেলে তাহিদুল ইসলাম (২৫)। কাঁচপুর হাইওয়ে থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, সন্ধ্যা সাতটার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন রাহিমা ও আসমা। এ সময় ঢাকাগামী বোরাক পরিবহনের একটি বাস দুজনকে চাপা দিয়ে পাশের করাতকলে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত হয় রাহিমার শিশুসন্তান। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, রাত পৌনে ১০টার দিকে নিতাইগঞ্জ এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাহিদুলকে চাপা দেয় একটি ট্রাক। তাঁকে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ওই ট্রাকটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকচালক মাসুমকে আটক করা হয়েছে।