বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যাত্রীবাহী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরিদ পাঙ্গাসী গ্রামের বাদশা (৩৮), জেলার উল্লাপাড়া উপজেলার ভদ্রকোল গ্রামের আবদুর রশিদের ছেলে আতাব আলী (৩৫), রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসুদেবপুর গ্রামের আবু তাহেরের ছেলে রনি মিয়া (২৮), নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের হাজি মোজাহারুল আলী (৬১), বাসচালক ও রাজশাহী সদরের লক্ষ্মীপুর নওদাপাড়ার আরিফ আলী (২৮) ও অজ্ঞাতনামা (৩২)।
আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মহাসড়কের খালকুলা এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস ট্রাককে অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা (নাটোর থেকে হাটিকুমরুলগামী) আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাস দুটির সঙ্গে ওই ট্রাকেরও সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি বাসের সম্মুখ ও ডান পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আরেকটি বাস ও ট্রাক রাস্তার পাশের খালের মধ্যে পড়ে যায়। ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন, হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে আরেকজন মারা যান।
আরিফ আলী ছাড়া নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। খবর পেয়ে সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাটিকুমরুল হাইওয়ে ও তাড়াশ থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তির লাশ সিরাজগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।