বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পোশাক শ্রমিকসহ নিহত ২
ঢাকার সাভারের কলমা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসযাত্রী এক পোশাক শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন এবাদত আলী (২৮) ও শহীদুল ইসলাম (৪১)।
সাভার থানার পুলিশ জানায়, আজ সকাল সাতটার দিকে সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদত মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শহীদুলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত এবাদত সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। আর নিহত শহীদুল ঢাকায় খেলাধুলার সামগ্রী বিক্রির একটি দোকানে চাকরি করতেন।
শহীদুলের ছেলে মো. ইমরান প্রথম আলোকে বলেন, তাঁরা সাভারের কলমা এলাকায় থাকেন। দোকানে কাজে যোগ দিতে বাসে চড়ে তাঁরা বাবা ঢাকায় যাচ্ছিলেন।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাক ও বাস আটক করেছে। তবে দুই চালক পালিয়ে গেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।