বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে ও ট্রাকচালক শাহজাহান শেখ (৪৫), ট্রাকচালকের সহকারী বুধপাশা গ্রামের বরকত তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (২০) ও বাগেরহাট সদর উপজেলার চিংড়িখালী গ্রামের মৃত জিতেন্দ্রনাথ সমাদ্দারের মেয়ে শিল্পী সমাদ্দার (৬৫)। আহত ব্যক্তিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে আহত এক নারীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ১৫ জন।
পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।