বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। একই জেলার চান্দিনা উপজেলায় গতকাল ট্রাক উল্টে চালকের এক সহকারী ও বৃহস্পতিবার বিকেলে রাস্তা পারাপারের সময় এক স্কুলছাত্র প্রাণ হারান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায়একজন নিহত হন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:চৌদ্দগ্রাম (কুমিল্লা): চৌদ্দগ্রামের দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাড গ্রামের ট্রাকচালক মন্টু মোল্লা (৪০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আটগ্রামের বাসচালক আকাব্বর (৪২), কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসচালকের সহকারী মফিজ মোল্লা (৪০), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ঢাকার স্টাফ কলোনির বাসিন্দা ব্যবসায়ী কামাল পাশা রতন (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হায়দারনগর গ্রামের বাবুর্চি আবদুল হাকিম (৪২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ঢাকার স্টাফ কোয়ার্টারের সামনে থেকে বনভোজনের যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত একটার দিকে একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৫৭২) চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কের উদ্দেশে রওনা হয়। গতকাল সকাল সাতটার দিকে মহাসড়কের হাড়িসর্দার এলাকায় মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৭১০৭) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত যাত্রীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় ১২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।চৌদ্দগ্রাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) টিপু সুলতান জানান, কামাল পাশা ও মফিজ মোল্লার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।দেবীদ্বার (কুমিল্লা): হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, গতকাল ভোরে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৫৭৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালকের এক সহকারী। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। নিহত সহকারীর নাম ও পরিচয় জানা যায়নি।এর আগে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চান্দিনার দোতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় তেলবাহী একটি গাড়ির চাপায় মো. মাহিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়। সে দোতলা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে।মহাসড়ক পুলিশের এএসআই মো. হারুনুর রশিদ জানান, পুলিশ তেলবাহী গাড়িটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার গাড়াইল এলাকায় আঠারবাড়ি-রোয়াইলবাড়ি সড়কে গতকাল সকাল সাড়ে আটটার দিকে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় নিহত হন আবদুল আওয়াল (৩৫) নামের এক সাইকেল আরোহী। পরে উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর চালান। আওয়াল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিটোয়া নয়াপাড়া গ্রামের মৃত হাদিস শাহের ছেলে।আঠারবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই কমল ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকসহ চালককে আটক করে। চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।