বাস-ট্রেন সংঘর্ষ, সাংবাদিকের স্ত্রীসহ নিহত ৩
রাজধানীর কমলাপুরে টিটিপাড়ায় রেলক্রসিংয়ে গতকাল মঙ্গলবার রাতে ট্রেন ও বাসের সংঘর্ষে দৈনিক জনকণ্ঠ পত্রিকার এক সাংবাদিকের স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই সাংবাদিকসহ অন্তত সাতজন।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়।
সাংবাদিকের নিহত ওই স্ত্রীর নাম নাজমুস সাবা নাজু (২৩)। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি। গতকাল রাত সাড়ে ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাজমুস সাবার লাশ ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে ও বাকি দুজনের লাশ কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। ওই সময় সায়েদাবাদ হয়ে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস টিটিপাড়ার রেলক্রসিংয়ে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। নাজমুসসহ আহত হন আটজন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুসকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহত সাতজনের মধ্যে আলামিন (১৮) নামের একজনের বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য ছয়জন হলেন ডলি আক্তার, ইকবাল শাহ আলম, মাহফুজ ও নিহত নাজমুসের স্বামী উবায়দুর রহমান। এঁদের মধ্যে মাহফুজ ট্রেনের যাত্রী ছিলেন।
গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উবায়দুর জানান, নাজমুস দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে প্রায় দেড় মাস আগে ঢাকায় এসেছেন। বড় মগবাজারে তাঁদের বাসা। তাঁরা স্বামী-স্ত্রী উভয়েই বাসের যাত্রী ছিলেন। মানিকনগরে নাজমুসের বোনের বাসা থেকে তাঁরা নিজেদের বাসায় ফিরছিলেন।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বাসচালকের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।
এক পাশের প্রতিবন্ধক না ফেলার কারণ সম্পর্কে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বশির সাংবাদিকদের বলেন, কার কী ধরনের গাফিলতি কিংবা দায়িত্বে অবহেলা ছিল, তা তদন্ত করে দেখা হবে।