বাস ডিজিটাল হলে আমাদের কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরটিসির বাসগুলো হুইল চেয়ার-বান্ধব হচ্ছে, এমন স্বপ্ন অনেক দিন ধরেই দেখছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। কর্তৃপক্ষের আশ্বাসের পরও সেই স্বপ্নটা পূরণ হলো না। ছবি: মনিরুল আলম
বিআরটিসির বাসগুলো হুইল চেয়ার-বান্ধব হচ্ছে, এমন স্বপ্ন অনেক দিন ধরেই দেখছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। কর্তৃপক্ষের আশ্বাসের পরও সেই স্বপ্নটা পূরণ হলো না। ছবি: মনিরুল আলম

‘বাস “ডিজিটাল” হলে আমাদের কী? আমরা তো বাসেই উঠতেই পারি না। স্বাভাবিক মানুষ বাসে বসে ইন্টারনেট ব্যবহার করবে। আর প্রতিবন্ধীদের সেখানে ওঠার সুযোগ নেই। ডিজিটাল নয়, আমাদের দাবি ছিল অন্ততপক্ষে কিছু বাসে র‌্যাম্প থাকবে। আমরা হুইল চেয়ার নিয়ে বাসে উঠতে পারব। মন্ত্রী এবং সংশ্লিষ্টরা আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোনো ফল দেখতে পাচ্ছি না। আমরা কি এ দেশের নাগরিক না?’

ঢাকায় ‘ডিজিটাল বাস’ নামানোর প্রসঙ্গে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন হুইল চেয়ার ব্যবহারকারী সালমা মাহবুব। সালমা বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) নামক একটি সংগঠনের সাধারণ সম্পাদক।

ওয়াই-ফাই সুবিধা-সংবলিত বিআরটিসির ১০টি বাস আজ বৃহস্পতিবার ঢাকার রাস্তায় নামছে। বাসে বসেই অন্ততপক্ষে ৪০ জন যাত্রী ওয়াই-ফাইয়ের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভেহিকল ট্র্যাকিং প্রযুক্তি নিয়ন্ত্রিত এ ধরনের বাসের নামকরণ করা হয়েছে ‘ডিজিটাল বাস’।

বিআরটিসির বাসগুলো হুইল চেয়ার-বান্ধব হচ্ছে, এমন স্বপ্ন অনেক দিন ধরেই দেখছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। এ স্বপ্নকে বাস্তবায়িত করার আশ্বাস দিয়েছে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিআরটিসি কর্তৃপক্ষ।

২০১২ সালের ২ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বি-স্ক্যান এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) হুইল চেয়ার র্যালির আয়োজন করে। এতে উপস্থিত হয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির বাসগুলোতে হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য র‌্যাম্প সংযুক্ত করা হবে বলে ঘোষণা দেন। এ ধরনের ঘোষণার ধারাবাহিকতায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশীয় প্রেক্ষাপটে হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তিদের সহায়ক যাতায়াত-ব্যবস্থা বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ডিজাইন প্রতিযোগিতার  আয়োজন করে বি-স্ক্যান ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসাব)।

গত বছরের ১১ জুন এই ‘আন্তবিশ্ববিদ্যালয় ডিজাইন কনটেস্ট: ইউনিভার্সেল এক্সেসিবিলিটি ইন পাবলিক ট্রান্সপোর্ট’ শীর্ষক প্রতিযোগিতা থেকে পাওয়া বিজয়ীদের নকশাসহ বাছাই করা মোট নয়টি ডিজাইন বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের হাতে তুলে দেন বি-স্ক্যান ও এসাবের প্রতিনিধিরা। ওই সময় বিআরটিসির চেয়ারম্যান খুব শিগগির বাসে র্যাম্প যুক্তকরণসংক্রান্ত একটি কমিটি গঠন করাসহ কয়েকটি আশ্বাস দেন।

বিআরটিসির চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ আজ দুপুরে বাসগুলোকে হুইল চেয়ার-বান্ধব করার বিষয়টিকে ‘বিশাল কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাসগুলোকে মডিফিকেশন করে কাজ সম্পন্ন করতে সময় লাগবে।’

বিআরটিসির পরিচালক (টেকনিক্যাল) আবদুল্লাহ-হিল করিম প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত ও গাড়ির উচ্চতার মধ্যে পার্থক্য, গাড়ির ভেতরে হুইল চেয়ার বসানোর জন্য জায়গা বের করাসহ কাজগুলো বেশ জটিল। বিআরটিসির কাজের পরিধি ও ব্যস্ততার জন্য এসব কাজে হাত দিতে পারিনি। তবে আমরাও চাই আমাদের বাসগুলো প্রতিবন্ধীবান্ধব হোক। প্রতিবন্ধী ব্যক্তিদের কথা চিন্তা করে শুধু তাঁদের জন্য বাস আনার বিষয়টিও চিন্তা করা যেতে পারে।’

চট্টগ্রামের বাসিন্দা সাবরিনা সুলতানা হুইল চেয়ার ব্যবহার করেন। তিনি বি-স্ক্যানের প্রতিষ্ঠাতা সভাপতি। সাবরিনা প্রথম আলোকে বলেন, ‘গত বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশের ১৭টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতা হয়, তার মূল শর্তই ছিল দেশীয় প্রেক্ষাপট মাথায় রেখেই নকশা করতে হবে, যাতে করে বিআরটিসির বাসগুলোতে তা ব্যবহার করা যায়। প্রতিযোগীরা ফুটপাত, প্ল্যাটফর্মসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নকশা করেছেন। এগুলো বিআরটিসির কাছে জমাও দেওয়া হয়েছে।’

সাবরিনা বলেন, ‘হুইল চেয়ার ব্যবহারকারীদের মধ্যে যাঁদের ব্যক্তিগত গাড়ি নেই, তাঁদের সবচেয়ে বড় বিড়ম্বনা হচ্ছে যাতায়াত। গুরুতর ও মাঝারি মাত্রার অনেক প্রতিবন্ধী ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় বা রিকশায় হুইল চেয়ার নিয়ে উঠতে পারেন না। যাঁরা পারেন, তাঁদের গুনতে হয় স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ বা তিনগুণের বেশি ভাড়া। ফলে খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ না হলে অনেকেই সে কাজ বাতিল করতে বাধ্য হন। তবে যাঁরা চাকরি বা পড়াশোনা করছেন, তাঁদের অন্য কোনো বিকল্প নেই।’