বাস ঢুকে পড়ল বাড়িতে, শিশুসহ নিহত ২
সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়িতে যাত্রীবাহী বাস ঢুকে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। শ্যামনগর উপজেলায় আরেক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
তালা উপজেলার ভৈরবনগর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে একটি বাড়ির মধ্যে খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস ঢুকে পড়ে। এ সময় বাসের ধাক্কায় বাড়ির বারান্দায় থাকা আছিয়া খাতুন নামে ছয় বছরের এক শিশু নিহত হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একই এলাকার গুরুদাসী মণ্ডল (৫০) বাসের চাপায় নিহত হন।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।
শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহের সামনে ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী লাইলী বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী শেখ নূর ইসলাম (৬০)। জনতা দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। তবে গাড়ির চালকেরা পালিয়ে যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি আটক করা হয়েছে বলে তিনি জানান।