বাস ঢুকে পড়ল মাজারে, একজন নিহত, আহত ১০
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের ‘উল্টা শাহ’র মাজারে ঢুকে পড়ে। এতে বাসের যাত্রী মো. নূরুল ইসলাম (৫০) নিহত হন। আহত হন আরও ১০ জন যাত্রী। নূরুল ইসলাম যাত্রাবাড়ীর কাজলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকারী শিরিন এন্টারপ্রাইজের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ‘উল্টা শাহ’র মাজারে ঢুকে পড়ে। এ সময় বাসের সামনে থাকা যাত্রী নূরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসটির কমপক্ষে ১০ জন যাত্রী। তাঁদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নূরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন বলেন, নূরুল ইসলাম পঞ্চগড় থেকে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ী রহিম ইঞ্জিনিয়ারিং রুলিং মিলের শ্রমিক ছিলেন। বাসটি উদ্ধার করে টঙ্গী থানার হেফাজতে রাখা হয়েছে।