বাস থামাতে দেরি করায় শিক্ষার্থীদের হামলা, আহত ৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় তিন পরিবহনশ্রমিক আহত হয়েছেন। বাস থামাতে দেরি করায় এ হামলা চালান শিক্ষার্থীরা। তাঁরা বাস ভাঙচুর করে বাসচালক, সুপারভাইজার ও সহকারীকেও বেদম মারধর করেছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন যুথী পরিবহনের বাসচালক মো. ইউসুফ, সুপারভাইজার সঞ্জিত ও সহকারী বেল্লাল হোসেন। তাঁদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে বরিশাল-পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন সাংবাদিকদের বলেন, বেলা দেড়টার দিকে বরিশাল নগরের রূপাতলী গোল চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাউফলগামী যুথী পরিবহন নামের ওই বাসটিতে ওঠেন। বাসটি দপদপিয়া সেতু পার হওয়ার পর কর্ণকাঠীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সামনে গেলে সেখানে নামতে চান শিক্ষার্থীরা। কিন্তু বাসটি থামতে থামতে কিছু দূর সামনে চলে যায়। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বাসটির চালক, সুপারভাইজার ও সহকারীকে বেদম মারধর করেন। ভাঙচুর করা হয় বাসের কাচ। তাদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সহকারী বেল্লালের অবস্থা আশঙ্কাজনক।