বাস থামিয়ে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বান্দুরা সড়কে এন মল্লিক পরিবহনের বাস থামিয়ে চাঁদাবাজি করছেন কেরানীগঞ্জের শ্রমিক লীগের নেতারা। চাঁদার দাবিতে গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের রামের কান্দা বোর্ডিংয়ের কাছে দুটি বাস আটকে রাখেন তাঁরা।
এন মল্লিক পরিবহনের চেয়ারম্যান নার্গিস মল্লিক অভিযোগ করেন, রুহিতপুর রামের কান্দা বোর্ডিং এলাকায় শাক্তা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জুলহাস উদ্দিন ও রুহিতপুর বাজার এলাকায় রুহিতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম মুন্সি ও তাঁদের বাহিনী দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর শ্রমিককে মারধর করেন। এ ব্যাপারে তিনি কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিনকে একাধিকবার জানিয়েও প্রতিকার পাননি।
বাসের যাত্রী ও চালকেরা জানান, গতকাল দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলার বান্দুরা থেকে ছেড়ে আসা এন মল্লিক পরিবহনের দুটি বাস রামের কান্দায় পৌঁছালে জুলহাসের নেতৃত্বে কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে আটকে দেন। এ সময় যাত্রীরা অনুরোধ করলে তাঁদের হুমকি-ধমকি দেন এবং বাস ভাঙচুরের চেষ্টা চালান। যাত্রীরা ভয়ে নেমে গেলে দুটি বাস আটকে রাখেন শ্রমিক লীগের নেতারা।
শ্রমিক লীগের নেতা জুলহাস দাবি করেন, তিনি কোনো চাঁদা চাননি। গত রোববার এন মল্লিক পরিবহনের একটি বাসের চাপায় দুজন নিহত হন। ওই ঘটনায় তাঁর ২০ হাজার টাকা খরচ হয়। গতকাল বাস আটকে তিনি সেই টাকা চেয়েছেন।