বাস থামিয়ে গৃহবধূ অপহরণে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় স্বামীর নির্যাতনের শিকার আইন ও সালিশ কেন্দ্রে (আসক) আশ্রিত এক গৃহবধূকে ঢাকায় নেওয়ার পথে বাস থেকে নামিয়ে অপহরণ এবং আসাকের এক নারী কর্মীকে আহত করার ঘটনায় আজ বৃহস্পতিবার মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

আহত আসাক কর্মী শামসুন্নাহার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ওই গৃহবধূর স্বামীসহ অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করা হয়েছে। গৃহবধূকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা গৃহবধূকে উদ্ধার ও অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’

আসকের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে আজ বৃহস্পতিবার মাগুরায় আসে। প্রতিনিধিদলের সদস্যরা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আসাক কর্মী শামসুন্নাহারকে দেখতে হাসপাতালে যান। পরে হাসপাতাল থেকে শামসুন্নাহারকে নিয়ে মাগুরা সদর থানায় গিয়ে মামলা করেন। সন্ধ্যায় তাঁরা ঢাকার রওনা হয়েছেন বলে আসাক কর্মকর্তা ফরিদ আহমেদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

অপহৃত ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার রনি (২৬)। তাঁর স্বামীর নাম রফিকুল ইসলাম। মাগুরা থেকে ঢাকায় যাওয়ার পথে গতকাল বুধবার বিকেলে বাস থামিয়ে তাঁকে অপহরণ করা হয়। অপহরণের সময় ওই গৃহবধূর সঙ্গে থাকা আইন ও সালিশ কেন্দ্রের কর্মী শামসুন্নাহারকে মারধর করে আহত করা হয়েছে। পরে তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শামসুন্নাহার বলেন, অভিযুক্ত স্বামীসহ সাত থেকে আটজন ব্যক্তি অপহরণে অংশ নেন। ঘটনার পর থেকে পুলিশ ফারজানাকে উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপপরিচালক নীনা গোস্বামী প্রথম আলোকে বলেন, মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামের মোহর আলী মেয়ে ফারজানা আক্তার রনির (২৬) সঙ্গে ২০১১ সালে মাগুরা পৌরসভার পূর্বপাড়ার রফিকুল ইসলামের (৫২) বিয়ে হয়। রফিকুল একজন পরিবহন ব্যবসায়ী। রনিসহ তিনি মোট সাতটি বিয়ে করেন। চার বউ তাঁকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে রনিসহ তাঁর তিনটি বউ রয়েছে।