বাস থামিয়ে শিক্ষার্থীকে মারধর, ক্ষুরের আঘাতে ছয়জন জখম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে হাবিবুর রহমান নামের এক শিক্ষার্থীকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষার্থী ক্ষুর দিয়ে ছাত্রলীগের ছয় কর্মীকে জখম করেছেন। বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে সুরমা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের ভেতর এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত কর্মীরা হলেন লোকপ্রশাসন বিভাগের ছাত্র রেদোয়ান, রবিন, সমাজবিজ্ঞান বিভাগের মিসবাহ, ওসমান, ব্যবসায় প্রশাসন বিভাগের রাজীব ও রসায়ন বিভাগের আশরাফুল। আহত হাবিবুর ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। ঘটনার পর আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের কর্মীদের হত্যা চেষ্টার অভিযোগে হাবিবুরের বিরুদ্ধে মামলা করলে রাতেই তাঁকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বিআরটিসির বাস সুরমা গেট এলাকায় পৌঁছলে ছাত্রলীগের কর্মী রেদোয়ান, মিসবাহ, আশরাফুল, রবিনসহ কয়েকজন চালককে গাড়ি থামাতে বলেন। চালক গাড়ি থামালে ছাত্রলীগের কর্মীরা গাড়িতে উঠে শিক্ষার্থী হাবিবুরকে মারধর করেন। হাবিবুর ওই সময় নিজের পকেটে রাখা ক্ষুর দিয়ে ছাত্রলীগের কর্মীদের এলোপাতাড়ি আঘাত করেন। এতে ছাত্রলীগের ছয় কর্মী আহত হন। তাঁদের মধ্যে আশরাফের অবস্থা গুরুতর।মারামারির কারণ সম্পর্কে হাবিবুরের সহপাঠী ও শিক্ষার্থীরা জানান, গত ঈদুল ফিতরের ছুটির সময় ঢাকায় যাওয়ার পথে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কাটা নিয়ে হাবিবুরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা হাবিবুরকে প্রচণ্ড মারধর করেন। এ সময় হাবিবুর মুঠোফোনে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তাঁর বন্ধুবান্ধবদের আগে থেকেই জড়ো করে রাখেন। ছাত্রলীগের কর্মীরা স্টেশনে পৌঁছামাত্রই হাবিবুরের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এর জের ধরে গতকাল বাসে ওই ঘটনা ঘটে বলে কয়েকটি সূত্র জানিয়েছে।ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের একই সংগঠনের নেতা হাফিজুর রহমান ও হাসান আহমেদ ওরফে আবিদের অনুসারী। এ ব্যাপারে হাসান আহমেদ বলেন, ‘মারামারির নিছক ব্যক্তিগত ঘটনা।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম বলেন, কী কারণে এ হামলা হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।