বাস থেকে কার্টুনিস্টের মালামাল খোয়া, চালক ও সহকারী আটক
বাসে চড়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে কার্টুনিস্ট আবু হাসানের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গেছে। এ ঘটনায় গাড়ির লোকজন জড়িত বলে আবু হাসান অভিযোগ করার পর পুলিশ চালক ও তাঁর এক সহকারীকে আটক করেছে। আবু হাসান জানান, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকার ফকিরাপুল থেকে ইউনিক সার্ভিসের একটি গাড়িতে করে তিনি চট্টগ্রাম আসছিলেন। তাঁর আসন ছিল চালকের পেছনের তৃতীয় সারিতে। কুমিল্লার গৌরীপুর পৌঁছালে তিনজন লোক কিছু মালামাল নিয়ে নেমে যায়। তাঁরা নেমে যাওয়ার পর তিনি লক্ষ্য করেন যাত্রীদের মালামাল রাখার জায়গায় তাঁর ল্যাপটপ ও ডিজিটাল ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভর্তি ব্যাগটি নেই। এ ব্যাপারে চালকের দৃষ্টি আকর্ষণ করলে গাড়ির কর্মীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। বাসটি সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছানোর পর আবু হাসান এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে চালক মিজানুর রহমান ভূঁইয়া ও তাঁর সহকারী বজলুল হককে নগরের এ কে খান গেট এলাকা থেকে পাহাড়তলী থানার পুলিশ আটক করে। আবু হাসান বলেন, গৌরীপুরে যে তিনজন নেমেছে তাদের সঙ্গে চালক ও সহকারীর যোগসাজশ আছে। কারণ ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন এই গাড়িতে গৌরীপুরের কোনো যাত্রী ওঠানামা করার কথা নয়। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, তাঁরা কুমিল্লা পুলিশের কাছে চালক ও সহকারীকে হস্তান্তরের ব্যবস্থা করছেন।