বাস থেকে চাঁদা আদায়ের দায়ে দুজনকে জরিমানা
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল শনিবার যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের দায়ে দুই পরিবহন শ্রমিককে সাত হাজার টাকা ও বাসের ছাদে যাত্রী বহনের দায়ে দুই বাসচালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে কর্মস্থলমুখী হাজারো মানুষ লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়ায় পৌঁছান। এ সময় পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
পাটুরিয়া ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যাত্রীদের এই চাপ বেড়ে যাওয়ায় নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক ভাড়া আদায় করেন যানবাহনচালক ও সহকারীরা। এ ছাড়া যাত্রীবাহী বাসে পরিবহন শ্রমিকেরা চাঁদাবাজি করেন। তবে এ খবর পাওয়ার পর পরই জেলা প্রশাসন ও পুলিশ চাঁদাবাজি ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরিবহন মালিক সমিতির নামে যাত্রীবাহী বাসে চাঁদা আদায় করার সময় পুলিশ মতিউর রহমান ও রানা হোসেন নামের দুই পরিবহন শ্রমিককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।