বাস থেকে নামতেই বৃদ্ধার পায়ের ওপর উঠে গেল চাকা

রাজধানীর পল্টন মোড়ে এক বৃদ্ধা বাস থেকে নামার পরপরই বাসটি তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর দু'পায়ের অবস্থাই খারাপ। বাম পায়ের অবস্থা বেশি গুরুতর।
আজ শনিবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহত বৃদ্ধার নাম সিরতাজ বেগম (৬৫)। তাঁর স্বামীর নাম কাদির। গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। বর্তমানে মালিবাগে বোন মরিয়মের বাসায় থাকেন।
উদ্ধারকারী পথচারী তাজুল ইসলামের ভাষ্য, তিনি বাসের জন্য অপেক্ষায় ছিলেন। সে সময় আট নম্বর রুটের একটি বাস পল্টন মোড়ে দাঁড়ায়, বাস থেকে ওই বৃদ্ধা নামতে না নামতেই বাসটি তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। এ দৃশ্য দেখে আরেকজনের সহযোগিতায় তিনি তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুই পথচারী তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।