বাস থেকে নামিয়ে কুপিয়ে আসামি হত্যা
মেহেরপুরে দিনদুপুরে বাস থেকে নামিয়ে ইস্রাফিল হোসেন (৩৫) নামের এক ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের ডাকাতেরা তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার মেহেরপুরের নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইস্রাফিল হোসেনের বাড়ি সদর উপজেলার নূরপুর গ্রামে।
পুলিশ জানায়, আজ মেহেরপুরের আমলি আদালতে এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন ইস্রাফিল হোসেন। হাজিরা শেষে বেলা সাড়ে তিনটার দিকে বাসযোগে বাড়ি ফেরার সময় তাঁকে হত্যা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, আদালতে হাজিরা শেষে নূরপুর গ্রামে ফিরছিলেন ইস্রাফিল হোসেন। মেহেরপুর থেকে মহাজনপুরগামী বাসটি নূরপুর রাস্তায় পৌঁছালে পাঁচ থেকে সাতজনের একটি দল বাসটি থামায়। ইস্রাফিলকে বাস থেকে নামিয়ে রাস্তার পাশে নিয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা চলে যায়। এতে ঘটনাস্থলেই ইস্রাফিলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামবাসীর দাবি, অন্তর্দলীয় দ্বন্দ্বের জের ধরে ইস্রাফিলকে হত্যা করা হয়েছে। নূরপুর গ্রামের আলমগীর, আরিফ, তালেব ও রহিম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। এঁরাও ডাকাতির একাধিক মামলার আসামি। একসময় ইস্রাফিল এবং এঁরা সবাই একই ডাকাত দলের সদস্য ছিলেন। পরে তাঁরা পৃথক দল গঠন করেন।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য ও ডাকাতির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ইজারুল, আলমগীর, আরিফ, তালেব, ইস্রাফিল ও রহিমসহ আরও কয়েকজন দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েন। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইজারুল এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন মনোরুদ্দিন ওরফে মনু। একই গ্রামের মনোরুদ্দিন মনুর পক্ষে ছিলেন ইস্রাফিল হোসেন। মনোরুদ্দিন মনুকে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশরাফপুর এলাকার রাস্তায় কুপিয়ে ও বোমা মেরে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিপক্ষের ডাকাত দলের প্রধান ইজারুল, আলমগীরসহ চারজনকে আসামি করা হয়। ওই হত্যার বদলা নিতেই ১৭ ফেব্রুয়ারি ইস্রাফিল পক্ষের সদস্যরা ইজারুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গ্রামবাসীর ধারণা, এরই জের ধরে আজকের এই হত্যাকাণ্ড।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক দুলু মিয়া প্রথম আলোকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ইস্রাফিল চরমপন্থী সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য ছিলেন। দুই মাস আগে একটি ডাকাতি মামলায় জামিনে মুক্তি পান। অন্তর্দলীয় দ্বন্দ্বের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।