বাস থেকে লাফিয়ে পালালেন হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় গত মঙ্গলবার পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ওই আসামির নাম শামীম (২০)। বাড়ি নাটোর সদর উপজেলায়। নাটোর জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মো. ইব্রাহীম বলেন, নারায়ণগঞ্জ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে শামীমকে তাঁর বাড়ি থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার নাটোর জেলা কারাগার থেকে তাঁকে নারায়ণগঞ্জ কারাগারের উদ্দেশে পাঠানো হয়। তাঁর প্রহরায় ছিলেন নাটোর জেলা পুলিশের এএসআই (সহকারী উপপরিদর্শক) এহেতেসাম ও তিন কনস্টেবল। পথে সাভার থেকে তিনি (শামীম) পালিয়ে যান। তিনি বলেন, দায়িত্বে অবহেলার জন্য পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে এএসআই এহেতেসাম বলেন, শামীমকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছিল। ঢাকা থেকে অন্য একটি বাসে তাঁকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার কথা ছিল। ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতুর কাছে যানজটে আটকা পড়ে। এ সময় শামীম হাতকড়া পরা অবস্থায় বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন।
ফতুল্লা থানার ওসি কামাল উদ্দিন বলেন, ফতুল্লা থানায় ২০১৪ সালে দায়ের করা একটি হত্যা মামলার আসামি শামীম। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় নারায়ণগঞ্জের আদালত থেকে তাঁর স্থায়ী নিবাস নাটোরে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। সেই অনুযায়ী নাটোরের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, শামীমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।