বাস দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু আহত ৩০
রাঙামাটি খাগড়াছড়ি সড়কে গতকাল শুক্রবার বাস দুর্ঘটনায় এক ছাত্র নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
নিহত ছাত্র রাঙামাটি কৃষি ইনস্টিটিউটের শেষ বর্ষের সুগত চাকমা। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি কলেজগেট মিজ্জিটিলার বাসিন্দা হ্লেময় চাকমার ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত দীঘিনালার বোয়ালখালী এলাকার যুবক প্রণয় চাকমা (২৪) বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসার পর যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাগিবতণ্ডা চলে। বেলা সোয়া একটার দিকে বাসটি রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়।
এদিকে কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তু বিকাশ চাকমা বলেন, ‘আহত যাত্রীদের দুর্ঘটনাস্থলে রেখে আসা মালামাল ইউপির কার্যালয়ে রেখে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো নিতে পারবেন।’