বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার সকালে এই মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।
মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায়চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। দুই দিন বন্ধ থাকার পর গতকাল থেকে আবার বাস চলাচল শুরু হয়েছে।
সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রিয়াজউদ্দিন মৃধা জানান, বিভাগীয় কমিশনারের উদ্যোগে শুক্রবার রাত নয়টায় বরগুনা সার্কিট হাউসে বরগুনার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় পরিষদের নেতাদের বৈঠক হয়েছে। বৈঠকে বরগুনার জেলা প্রশাসক বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এই মহাসড়কের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একটি কমিটি করা হয়েছে।
এই প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়ায় সমন্বয় পরিষদ তাদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বলে জানান তিনি।
সমন্বয় পরিষদ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করা নিয়ে বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলীর চৌরাস্তা এলাকায় বাসশ্রমিকদের সঙ্গে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আমতলী থানার ওসিসহ পুলিশের সাতজন সদস্য ও শ্রমিকদের দুই পক্ষের অন্তত ২২ জন আহত হন। এ ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করে। এ ছাড়া ৫৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।