বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলেছে। গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়।
মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ আটক বাসশ্রমিকদের মুক্তির দাবিতে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে এই বাস ধর্মঘট শুরু হয়।
এদিকে বাস ধর্মঘটের কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটক, শিক্ষা সফরে আসা শিক্ষক-শিক্ষার্থীসহ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
গতকাল সকালে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকার বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মহাসড়কে অবস্থান নিয়েছেন। বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমিতির বাস সড়কে চলাচল করতে দেখা যায়নি। পটুয়াখালী বাস টার্মিনালে অলস বসে আছে বাসগুলো। তবে দূরপাল্লার বেশ কয়েকটি নৈশকোচ সকালে পটুয়াখালী এলাকা অতিক্রম করেছে। বরিশাল নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে দেখা যায়, ধর্মঘটের কারণে এখান থেকে পটুয়াখালীর বাউফল, দশমিনা, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা জেলার বরগুনা সদর, আমতলী, তালতলী, বেতাগী; বরিশালের নিয়ামতি ও বাকেরগঞ্জ—এই ১০টি পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ঢাকা থেকে লঞ্চযোগে আসা যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। যাত্রীরা বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। কুয়াকাটাসহ বিভিন্ন এলাকার যাত্রীরা মাইক্রোবাসে, কেউ কেউ ভাড়ায় চালিত মোটরসাইকেলে কিংবা ইজিবাইকে করে গন্তব্যে রওনা দেয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল নিয়ে ওই শ্রমিকদের সঙ্গে বাসমালিক ও শ্রমিকদের বিরোধ চলছিল। এর জের ধরে গত সোমবার দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য এবং দুই পক্ষের কমপক্ষে ২২ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় পুলিশ ৫৪ জনকে আসামি করে মামলা করে এবং ১৭ জনকে আটক করে।
ওই রাতেই বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ পুলিশের হাতে আটক বাসমালিক ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। বুধবারের মধ্যে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দেয়।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান বলেন, ‘চলমান বাস ধর্মঘটের বিষয়ে আলোচনার জন্য আমরা আজ (শুক্রবার) রাতে বৈঠকের আয়োজন করেছি। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন জেলার বাস মালিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।’