
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও কমিশনের বৈঠকের প্রতিবাদে গতকাল রাঙামাটি ও খাগড়াছড়িতে গতকাল পাঁচটি বাঙালি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দুটি জেলা থেকেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়ে মানুষ। অবশ্য রাঙামাটি শহরে যাত্রীবাহী কিছু সিএনজিচালিত অটোরিকশা ও জিপ চলেছে।
অবরোধকে কেন্দ্র করে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে অবরোধের সমর্থনে রাস্তায় পাঁচটি সংগঠনের নেতা-কর্মীদের দেখা যায়নি। জেলার সঙ্গে পাঁচটি উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এ উপজেলাগুলো হলো বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি। নৌপথ অবরোধের আওতার বাইরে থাকায় গতকাল সকাল থেকে লঞ্চ ও ট্রলারে করে এসব উপজেলার শত শত মানুষ শহরে আসেন। কিন্তু শহরে যান চলাচল বন্ধ থাকায় তাঁরা দুর্ভোগে পড়েন। তাঁদের অনেককে হেঁটে নিজ গন্তব্যে যেতে দেখা যায়।
গত শুক্রবার বাঙালি পাঁচটি সংগঠন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক অবরোধের ডাক দেয়। অবরোধ আহ্বানকারী সংগঠনগুলো হলো পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, অবরোধে পুলিশ সতর্ক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পাঁচটি বাঙালি সংগঠনের সমন্বয়ক আলকাছ আল মামুন ভূঁইয়া গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ভূমি নিষ্পত্তি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও কমিশনের কার্যক্রম স্থগিত না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামীতে আরও কঠোর কর্মসূচি ডাক দেওয়া হবে।’
এদিকে খাগড়াছড়িতেও শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলেনি। অবরোধের সমর্থনে সকাল থেকে বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের শহরের প্রবেশমুখগুলোতে অবস্থান নেয়। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, পুরো জেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সতর্ক অবস্থায় ছিল।