বাস নিয়ন্ত্রণ করতে না পেরে গতি বাড়িয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দি ইনডিপেনডেন্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহাকে চাপা দেওয়া বাসের চালক মফিজুল গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, বাস নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি গতি বাড়িয়েছিলেন, তখন ঠাস করে আওয়াজ হয়।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মফিজুল এই জবানবন্দি দেন। মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর খাসকামরায় এই জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মফিজুল বলেন, তিনি লেখাপড়া জানেন না। কোনো কিছু পড়তে পারেন না। তবে নিজের নাম দস্তখত করতে পারেন। ২০০৫ সালে তিনি গাজীপুর বিআরটিএ থেকে ড্রাইভিং লাইন্সেস নেন। এক বছর আগে মৈত্রী পরিবহনে চালক হিসেবে কাজ নেন।জবানবন্দিতে বাসচালক আরও বলেন, গত ১১ মে স্টার কাবাবের বিপরীতের রাস্তা দিয়ে তিনি জিগাতলার দিকে দ্রুতবেগে যাচ্ছিলেন। বাসের গতির কাঁটা নষ্ট ছিল। তাই গতি কত ছিল, তা জানা ছিল না। তাঁর বাসের বাঁ পাশে মোটরসাইকেল এবং ডান পাশে একটি প্রাইভেট কার ছিল। বাস নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি জোরে টান দিলে ঠাস করে আওয়াজ হয়। যাত্রীরা চিৎকার করে, মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পরে তিনি পালিয়ে যান। সেদিন চালকের সহকারী ছিল সজল।মফিজুল বলেন, শুরুতে তিনি ট্রাক চালাতেন। ২০০৯ সালে লাইসেন্স নবায়ন করেন।১১ মে ধানমন্ডিতে মৈত্রী পরিবহনের ওই বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন সাংবাদিক বিভাস সাহা। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। বাসচালক মফিজুলকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।