বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪
রংপুরের পীরগঞ্জে আজ বুধবার যাত্রীবাহী দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় চারজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫ জন। আজ দুপুরে পীরগঞ্জের সয়েকপুর নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে বাস দুটির একটি আরেকটিকে অতিক্রম করতে গিয়ে খাদে পড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৬) এবং ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আদর পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮৫৭৩) উপজেলার সয়েকপুর নামক স্থানে পরস্পরকে অতিক্রম করতে গেলে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরমোছেরপাড়া এলাকার শরিফুল ইসলাম (১৮) ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান কুড়িগ্রামের কুঠি চন্দ্রখানা এলাকার বেলাল হোসেন (২৫) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হরিরামপুর এলাকার সুমন (১৯) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়ার শামীম (৫০) মারা যান। বাস দুটির অন্তত ১৫ জন আহত যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, দ্রুতগামী দুটি যাত্রীবাহী বাস অতিক্রম করার সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারালে বাস দুটি রাস্তা থেকে ছিটকে পড়ে। গাড়ি দুটির চালক ও সহযোগীরা পলাতক।