বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে, নিহত ১
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে গেলে একজন নিহত ও একজন আহত হন। গতকাল শনিবার বিকেলে উপজেলা শহরের নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কবির মিয়া (৫০)। তিনি ধনবাড়ী উত্তর মিয়াপাড়ার মৃত ননি মিয়ার ছেলে। আহত ব্যক্তি চায়ের দোকানের মালিক উপজেলার নিজবর্ণি গ্রামের খুরশেদ আলমের ছেলে শামছুল হক (৩০)।
ধনবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা শহরের নিউমার্কেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় সেখানে চা পান করতে আসা কবির মিয়া ঘটনাস্থলেই বাসের চাপায় নিহত হন এবং শামছুল হক আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মুজিবুর রহমান বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে আসা ওই যাত্রীবাহী বাস থেকে চালক নেমে যান। পরে তাঁর সহকারী ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বাসটি চায়ের দোকানে ঢুকে পড়লে দুর্ঘটনা ঘটে। নিহত কবির মিয়ার লাশ থানায় রয়েছে।