বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল সোমবার ভোরে শ্যামলী পরিবহনের একটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মহাসড়কের মাধবপুর পৌর এলাকার সৈয়দ ছঈদ উদ্দীন ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পানিতে নিমজ্জিত পিকআপ ভ্যানটি এবং ভেতরে আটকে পড়া চালকসহ তিনজনের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান ভোর সাড়ে পাঁচটার দিকে ওই স্থানে পৌঁছামাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে শ্যামলী পরিবহনের সঙ্গে রাস্তা থেকে প্রায় ১০০ গজ দূরে খাদের পানিতে নিমজ্জিত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ভেতরে আটকে পড়া লাশগুলো উদ্ধার করে। হাইওয়ে থানার এসআই মাসুক মিয়া জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পিকআপের চালক আবদুর রহিম (২৪)। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কেতারিপুর গ্রামে।