বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের তরা এলাকায় গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পিকআপ ভ্যানের আরও তিন যাত্রী।

নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বড় বারইল গ্রামের শরিফ মিয়ার স্ত্রী শেফালি বেগম (৫০), তাঁর মেয়ে নার্গিস আক্তার (২৬), একই উপজেলার পাঁচ বারইল গ্রামের মিজানুর রহমান (২৬) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা এলাকার পরান রাজবংশী (৪৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর ঘিওরের তরা টোল পোস্ট এলাকা থেকে যাত্রী নিয়ে পিকআপ ভ্যানটি যাচ্ছিল আরিচার দিকে। সকাল ছয়টার দিকে তরা এলাকায় ওই দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হন। শেফালি ও নার্গিসকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচ যাত্রীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মিজানুর ও পরানকে মৃত ঘোষণা করেন।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ইয়ামিন-উদ-দৌলা বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এই আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ময়নাতদন্ত ছাড়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সার্জেন্ট ইয়ামিন-উদ-দৌলা বলেন, দুর্ঘটনায় আহত অপর তিন ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কুমার কর্মকার গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় বরঙ্গাইল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।