বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গতকাল বুধবার বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। একই দিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্রী এবং শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিনজন আরোহী নিহত ও ছয়জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত ব্যক্তিদের মধ্যে একজন মারা যান। তাঁর পরিচয় জানা যায়নি। নিহত অপর তিনজন হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাপড় ব্যবসায়ী রাজু আহমেদ (৩৮), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সোহাগপুর গ্রামের খাদেম আলী (৩৫) ও আফজালপুর গ্রামের আবদুর রহমান (৫০)।
সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় নগরের পুলিশ লাইন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী আসমা বেগম (১৫) নিহত হয়েছে। মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ লাইনে পাঠানো হয়। সেখান থেকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। আসমা জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আলতাফ হোসেনের মেয়ে। তাঁরা লালাবাজার এলাকায় থাকেন।
শেরপুর: গতকাল বেলা একটার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের কন্টিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. আবদুল মোতালেব (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন। মোতালেব শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।