বাস পুকুরে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে গ্রামের লোকজন।নান্দাইল, ময়মনসিংহ, ৪ মার্চ। ছবি: প্রথম আলো
দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করছে গ্রামের লোকজন।নান্দাইল, ময়মনসিংহ, ৪ মার্চ। ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে পথচারীসহ দুজন নিহত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, হাইওয়ে পুলিশের টর্চের আলো চালকের চোখে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাত সাড়ে আটটার দিকে নান্দাইল উপজেলার উত্তর মুশুলি এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়ার পর ওই এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ সড়কে যানবাহন বিপজ্জনক কৌশলে থামিয়ে চাঁদাবাজি করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে তাঁদের এলাকার মৃত সৈয়দ মিয়ার পুত্র কলেজছাত্র জাহাঙ্গীর মিয়া (১৮) ও বাসযাত্রী এক শিশু মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে দুই পুলিশকে বেদম মারধর করে। পাশাপাশি পুলিশের ব্যবহার করা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে সেটি ভস্মীভূত হয়।

বাসযাত্রী আলাল উদ্দিন (৫০) ও বানেছা বেগম (৫০) বলেন, তাঁরা মদন থানার বাসিন্দা। চট্টগ্রাম যাওয়ার পথে বাসে উঠেছিলেন। কিন্তু বাসটি হঠাৎ করে উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে তাঁদের পরিবারের চারজন আহত হয়। এলাকার লোকজন তাঁদের বাসের ভেতর থেকে টেনে বের করেছে। এ সময় তাঁদের সঙ্গে থাকা শুভ (৬) নামে একটি শিশুকে আহত অবস্থায় দেখা যায়। শিশুটির কান দিয়ে রক্ত ঝরছিল।

মুশুলি এলাকার বাসিন্দা মো. ফাইজুদ্দিন (৫৮), মেহেদী হাসান (২০), মামুন মিয়া (১৯) সহ প্রায় ২০-২৫ জনের সঙ্গে ঘটনাস্থলে কথা হয়। তাঁদের অভিযোগ মহাসড়কের উত্তর মুশলি এলাকায় হাইওয়ে পুলিশ চাঁদাবাজি করে। সন্ধ্যার পর ওই সড়কে যানবাহনের জ্যাম সৃষ্টি হয়। এতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি সারিবদ্ধ মালবাহী যানবাহনগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এ সময় ট্রাক মনে করে একদল পুলিশ চালকের চোখে টর্চের আলো ফেলে। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী জাহাঙ্গীর মিয়াকে চাপা দিয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে। এলাকার যুবককে চোখের সামনে প্রাণ হারাতে দেখে গ্রামবাসী উত্তেজিত হয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। অবস্থা বেগতিক দেখে হাইওয়ে পুলিশের দলটি চলে যেতে চাইলে লোকজন তাদের ঘেরাও করে মারধর শুরু করে। এতে উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার ও কনস্টেবল মো. কামাল মিয়া আহত হন। উত্তেজিত জনতা পুলিশের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।

চাঁদাবাজি অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। তিনি পুলিশের আহত হওয়ার কথার স্বীকার করতে চাননি। এমনকি জ্বলন্ত মোটরসাইকেলটিও তাঁর থানার নয় বলে জানান। এ সময় তাঁকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে দেখা যায়।