বাস পুকুরে পড়ে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় লক্ষ্মীগঞ্জের গজারিকান্দা এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস পুকুরে পুকুরে পড়ে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জেলার মদন উপজেলা থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসে মমি ববি পরিবহন (টাঙ্গাইল জ-০৪০১২৯) নামে একটি যাত্রীবাহী বাস। সাড়ে আটটার দিকে লক্ষ্মীগঞ্জের গজারিকান্দা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পাশের পুকুরে পড়ে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর অবস্থায় সদর উপজেলার পালা গ্রামের মুন্নি আক্তার (১৩) ও কুলসুমা আক্তার (২৮) এবং চল্লিশা গ্রামের হাসেন আলী (৩৬) ও তুহিন মিয়াকে (২৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক আলেক খান খবরটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।