বাস পোড়ানোর ঘটনায় ৩৭ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কর্মচারী এবং যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার নাম উল্লেখ করে ৩৭ জনের নামে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ছাত্রলীগের নেতা মোহসীন, সুমন, আজিজুল, সোহাগসহ পাঁচজনকে কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।অপরদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ ছাড়া বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস শহরের টাউন হল মোড় থেকে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় কেওয়াটখালী লোকোশেডের সামনে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার ফোরম্যান মাহমুদুল হক বাদী হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ছাত্র রাফেউল হাসান ও নাশিদ জামাল, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জামাল, ছাত্রলীগের নেতা জসিম, রনি, জীবন ও ব্যবসায়ী সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনসহ ৩৭ জনের নামে কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।