বাস পোড়ানোর মামলায় জামিন পেলেন খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বাস পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে মহানগর হাকিম হারুন-অর-রশীদ তা মঞ্জুর করেন।দ্রুত বিচার আইনে করা এ মামলায় গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকাসহ ১৮ দলীয় জোটের ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় খোকা সেদিন আদালতে হাজির হতে পারেননি। সেদিন খোকা, আমানউল্লাহ ও নাজিমউদ্দিন আলমের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানার পুলিশ এ মামলা করে।