বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুর সদরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও দশজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের শিবরাপুর এলাকায় ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও প্রাইভেট কার উল্টে যায়। এতে বাসে থাকা ওই ব্যক্তি নিহত হন। আহত হন বাস ও প্রাইভেট কারে থাকা দশজন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন প্রথম আলোকে বলেন, বাস এবং প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।