বাস ভাঙচুরের দায়ে ৬১ শিক্ষার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের পদাবনতির গুজবে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একটি বাস ভাঙচুরের ঘটনায় ৬১ জন ছাত্রকে প্রায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছে কলেজ প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ২৬ মে বরগুনা পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল চলাকালে বিক্ষুব্ধ ছাত্ররা একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। কলেজ সূত্রে জানা যায়, গত ২৭ জুন বরগুনা পলিটেকনিক কলেজ প্রশাসনিক ভবনে বাস মালিক-শ্রমিক সমিতির নেতা ও কলেজ প্রশাসনের এক সভায় ২৬ মের বাস ভাঙচুরের ঘটনায় ৬১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ৪১ জনকে সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রত্যেককে ৯০০ টাকা এবং পরোক্ষভাবে জড়িত থাকার অবিযোগে আরও ২০ শিক্ষার্থীকে ৫০০ টাকা করে মোট ৪৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আগামী ৭ জুলাইয়ের মধ্যে পরিশোধের জন্য সংশিষ্ট শিক্ষার্থীদের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। অন্যথায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, কতিপয় বিক্ষুব্ধ শিক্ষার্থী বাস ভাঙচুরের সঙ্গে জড়িত থাকলেও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের গণহারে অভিযুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদুর রহমান ৬১ শিক্ষার্থীকে জরিমানা করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জরিমানার এই অর্থ ক্ষতিগ্রস্ত বাস মালিককে দেওয়া হবে।’