বাস ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। গতকাল বুধবার সকাল নয়টায় কাটাখালী এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পরিবহন শ্রমিকেরাই বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর এবং এক শিক্ষার্থীকে মারধর করেন। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহীর বানেশ্বর সড়কপথের বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে কাটাখালী এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৭০১) ধাক্কা দিলে বাসটি সড়ক থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় শিক্ষার্থীরা ট্রাকের শ্রমিকদের গালিগালাজ করেন ও ট্রাকে ইটপাটকেল ছোড়েন। এর জের ধরে কাটাখালী বাজারের ট্রাক ও অটোরিকশা পরিবহন শ্রমিকেরা বাসটি আটকান। তাঁরা বাসের জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় এক শিক্ষার্থীকেও মারধর করেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের হটিয়ে দেয়।
এর প্রতিবাদে সকাল সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।