বাস-মাইক্রো সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক তাহেরা বেগম (৪৮), তাঁর মেয়ে তাসমিয়া ইসমাঈল (২৪), গৃহকর্মী কহিনুর আক্তার (১৭) ও মাইক্রোবাসের চালক জয়নাল আবেদিন (৩৮)। এঁরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাহেরার বাড়ি কক্সবাজার পৌরসভার টেকপাড়ায় ও জয়নালের বাড়ি উখিয়া উপজেলার কোটবাজারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের উত্তর পাশে বরইতলী দাখিল মাদ্রাসা সড়কের মাথা নামক এলাকায় কক্সবাজারগামী বনভোজনের বাস ও চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাহেরা বেগম ও জয়নাল আবেদিন নিহত হন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে কহিনুর আক্তার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তাসমিয়া ইসমাঈল মারা যান। তাহেরা বেগমের ছেলে আদনান মাহমুদ রাজিবকে (২৬)আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
তাহেরার ভাই কক্সবাজার পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, তাসমিয়া ইসমাঈল ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সবেমাত্র এমবিএ করে বের হয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছে। ২৪ জানুয়ারি চট্টগ্রামের একটি ক্লাবে ওই বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে কক্সবাজার থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁরা চট্টগ্রাম যাচ্ছিলেন।
দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মো. জুয়েল বলেন, চয়েজ পরিবহনের একটি বাসে করে পতেঙ্গা স্টিল মিলের ৪৫ জন কর্মচারী বনভোজনে কক্সবাজার যাচ্ছিলেন। তাঁদের ভাড়া করা গাড়িটি অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরপরই বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনায় তাঁর ১৫-২০ জন সহকর্মী আহত হয়েছেন। তাঁরা চট্টগ্রাম ও লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর, চিরিঙ্গা মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান ঘটনাস্থলে যান।
এসআই ফয়েজুর রহমান প্রথম আলোকে বলেন, বাস ও মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। বাসের চালক ও তাঁর সহকারীকে খোঁজা হচ্ছে।
মিরসরাইয়ে চালক নিহত: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার কমফোর্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক মোহাম্মদ ইসমাইল হোসেন গুরুতর আহত হন। রাতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানচালক পলাতক রয়েছেন।