গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শনিবার সকালে যাত্রীবাহী বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাক-বাস ও টেম্পোর ত্রিমুখী সংঘর্ষে দুজন এবং কক্সবাজারের চকরিয়ায় বাস ও জিপ গাড়ির সংঘর্ষে আরও দুজন নিহত হন।
এ ছাড়া কুমিল্লার দাউদকান্দি, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, গাজীপুরের টঙ্গীতে গতকাল ও গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন।
ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কাশিয়ানীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষ: স্থানীয় বাসিন্দা ও দুর্ঘটনায় আহত ব্যক্তিরা জানান, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী আশিক-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস উপজেলার ব্র্যাক অফিসের সামনে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় বাসটি ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে কালনা ফেরিঘাট থেকে মাওয়া ঘাটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় ও বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী বাবু শেখ (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তিন নারীসহ আরও ছয়জনের মৃত্যু হয়। নিহত লোকজনের সবাই মাইক্রোবাসের যাত্রী।
নিহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মো. হানিফ (২৮), নড়াইলের নড়াগাতী থানার মাওলী গ্রামের বাবু শেখ (৪৫), কালিয়া উপজেলার নওয়া গ্রামের তানিয়া (৩০), লোহাগড়া উপজেলার মহিষকাটা গ্রামের মেহেদী বেগম (৪০), একই উপজেলার কুমড়ি গ্রামের মিজানুর রহমান (৫০), যশোর জেলার বনগাতী গ্রামের বৃষ্টি (১৩) ও একই জেলার আবদুর রহমানের ছেলে নাছির মিয়া (১৯)।
খবর পেয়ে কাশিয়ানী থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে হতাহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। আহত পলাশ, জুয়েল, জামাল, রিতা, আজিজ ও বিপ্লবকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রোজি ও আজিজকে গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইক্রোবাসের আহত যাত্রী ফরিদপুরের পলাশ বলেন, ১৪ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কালনা ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে আসে। ভাটিয়াপাড়ার মোড়ে এলে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ও পুলিশ সুপার এম এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিঙ্গাইরে ট্রাক-বাস ও টেম্পোর ত্রিমুখী সংঘর্ষ: প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের গ্যাড়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি টেম্পোর সংঘর্ষ হয়। এর পরপরই শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টেম্পোটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টেম্পোটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে যায়। এ ঘটনায় টেম্পোর চালক সিঙ্গাইর উপজেলার সানাইল গ্রামের সুজন মিয়া (২৮) ও টেম্পোর যাত্রী উপজেলা সদরের কাশিমনগর গ্রামের মেহের আলী (৪৫) নিহত হন। আহত হন টেম্পোর পাঁচ যাত্রী। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়ায় বাস ও জিপের সংঘর্ষ: পুলিশ ও দুর্ঘটনায় আহত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর দুইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার জাহালিয়ার ঢালা এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নড়াইলের লোহাগাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মোজাম্মেল হক (৫০) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার অলক দে (৩০) নিহত হন। আহত হন অন্তত ১০ জন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, আহত লোকজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
আরও চার দুর্ঘটনা: কুমিল্লার দাউদকান্দির নৈয়ার এলাকায় গতকাল বেলা দুইটার দিকে সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী মতলব দক্ষিণ উপজেলার বালিগাঁও গ্রামের মো. রিয়াজ ঘটনাস্থলেই মারা যান। নিহত রিয়াজের ছোট দুই বোন মীম ও মারিয়া এবং একই গ্রামের শফিকুল ইসলাম ও হাসমত আলী আহত হন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের ফুটানি টাউন শেখপাড়া নামক জায়গায় মোটরসাইকেলের ধাক্কায় মো. মুনিরউদ্দীন (৫০) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার গণিরহাট গ্রামে।
শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় রাস্তা পারা হওয়ার সময় বাসের চাপায় নিহত হন রোকসানা বেগম (৫৫) নামের এক নারী। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানা এলাকায়।