বাস-মাইক্রোবাসের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালী এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে দুপুর ১২টার দিকে বিপরীতমুখী লৌহজং উপজেলার গাউদিয়া থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আজহার মৃধার স্ত্রী সুফিয়া বেগম (৫০) নিহত হন। আর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আজহার মৃধা (৫৭) ও তাঁর বোন রহিমা বেগম (৫০) মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের চালক ও আজহারের বাড়ির গৃহপরিচারিকা মরিয়ম বেগমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মরিয়মের (৪০) মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপর ক্ষুব্ধ জনতা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা একটার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বলেন, নিহত ব্যক্তিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাসটিকে শ্রীনগর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।