বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন ফরদিপুর আলফাডাঙ্গার বাসিন্দা কবির আহমেদের ছেলে তানভীর আহমেদ জুয়লে (২৮)। নিহত বাকি দুজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী ইমাদ পরবিহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হযরত আলী দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত একজনের পরিচয় জানা গেছে। অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনার সদর উপজেলার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সতেরোশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লার বড়ুয়া গ্রামে। এ ঘটনায় নুরুল ইসলাম (৪৮) ও জানু বেগম (৪৫) নামের অপর দুজন আহত হন। তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।