
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাস মালিকদের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ৮ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই দিন নির্ধারণ করে দেন। বাদীপক্ষের করা একটি লিভ টু্ আপিলও সেদিন শুনানির জন্য উঠবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
ওই মামলায় গত বছরের ৩ ডিসেম্বর বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।
ওই অর্থের মধ্যে বাসের দুই অপারেটর ও এক মালিক যৌথভাবে ৪ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫২ টাকা দেবেন। এই অর্থের মধ্যে ১০ লাখ টাকা তারেকের মা নুরুন নাহার এবং বাকি অর্থ তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও তাঁদের ছেলে নিষাদ মাসুদকে দিতে বলা হয়েছে। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেবে ৮০ হাজার টাকা, যা পাবে ক্যাথরিন ও নিষাদ। আর বাস (চুয়াঙাঙ্গা ডিলাক্স) চালক দেবেন ৩০ লাখ টাকা, যা পাবে ক্যাথরিন ও নিষাদ। বিবাদীপক্ষকে ছয় মাসের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বাস মালিকপক্ষ, যা আজ শুনানির জন্য ওঠে। আদালতে বাস মালিকপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। বাদীপক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার।
বাদীপক্ষের অন্যতম আইনজীবী রমজান আলী শিকদার প্রথম আলোকে বলেন, প্রত্যাশা ছিল ইস্যুরেন্স কোম্পানি আগে পুরো অর্থ ক্ষতিপূরণ দাবিদারদের দেবে, পরে বাস অপারেটর ও মালিকের কাছ থেকে তা আদায় করে নেবে। কিন্তু হাইকোর্টের রায়ে তা না হওয়ায় এই অংশের বিরুদ্ধে বাদীপক্ষ লিভ টু আপিল দায়ের করে। বাস মালিকপক্ষ ক্ষতিপূরণ রায়ে স্থগিত চেয়ে একটি লিভ টু আপিল করে। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে লিভ টু আপিল শুনানির জন্য ৮ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। সেদিন দুটি লিভ টু আপিলের ওপর একসঙ্গে শুনানি হবে।
সাত বছর আগে ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মনির। তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মনিরসহ মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করে। এই মামলা গত বছরের ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে বাসের চালক জমির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়।
এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি নিহত তারেক মাসুদ ও মিশুক মনিরের পরিবারের সদস্যরা মানিকগঞ্জ জেলা জজ আদালতে ১৯৮৩ সালের মোটরযান অর্ডিন্যান্সের ১২৮ ধারায় বাস মালিক, চালক এবং ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক দুটি মামলা করেন। পরবর্তী সময়ে সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে মামলা দুটি হাইকোর্টে বদলির নির্দেশনা চেয়ে আবেদন করেন বাদীরা। নিম্ন আদালত থেকে মামলা দুটি স্থানান্তরে সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে ওই আবেদন দুটি করা হয়। তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদ এবং মিশুক মনিরের স্ত্রী কানিজ এফ কাজী ও তাঁদের ছেলে ২০১৩ সালের ১ অক্টোবর হাইকোর্টে ওই দুটি আবেদন করেন। যার প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৩ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালের ২৯ অক্টোবর মানিকগঞ্জ জেলা ও মোটর ক্লেইমস ট্রাইব্যুনালে করা মামলা দুটি হাইকোর্টে বদলির আবেদন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটি শুনানি ও নিষ্পত্তির জন্য পাঠান প্রধান বিচারপতি। এই বেঞ্চ শুনানি শেষে গত বছরের ৩ ডিসেম্বর রায় দেন। একই বেঞ্চে মিশুক মনিরের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে তাঁর পরিবারের সদস্যদের করা মামলাটি শুনানি পর্যায়ে রয়েছে।