বাস যায়নি শুধু পূর্ব দিকে
রাজশাহী থেকে ঢাকাগামী বাসগুলো গত শুক্রবার থেকেই বন্ধ রয়েছে। সেই সঙ্গে গতকাল সোমবার থেকে রাজশাহীর স্থানীয় বাসগুলো নগরের পূর্ব দিকে যায়নি। তবে উত্তরে নওগাঁ ও পশ্চিমের চাঁপাইনবাবগঞ্জের দিকে যথারীতি বাস ছেড়ে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হয় পূর্ব দিকে গমনকারী যাত্রীদের।
মোটর শ্রমিক ইউনিয়ন জানায়, রাজশাহী থেকে নিয়মিতভাবে নাটোর, বগুড়া, রংপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বাস ছেড়ে যায়। সেই সঙ্গে স্থানীয় পথে জেলার বাঘা, চারঘাট, তাহেরপুর, পাবনা, বেড়া, লালপুরসহ বিভিন্ন এলাকায় বাস ছেড়ে যায়। এসব বাসের যাত্রীরা গতকাল সোমবার সকালে টার্মিনালে এসে বিপাকে পড়ে। গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি সোমবার পর্যন্ত বাড়ানোর খবর শুনে শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী বাসের যাত্রীরা রাজশাহীতে আসেনি। এ জন্য ঢাকাগামী বাসের কাউন্টারগুলো ফাঁকাই ছিল। শুধু শিরোইল বাস টার্মিনালে স্থানীয় পথে যাত্রীদের ভিড় করতে দেখা যায়। দুলারী খাতুন রাজশাহী থেকে নিয়মিত সকালে বাসে বাঘায় গিয়ে স্কুলে পড়ান। বাসের সঙ্গে তাঁর স্কুলের সময়সূচি মেলানো। সে হিসাবে তিনি সব সময় প্রথম ট্রিপের বাস ধরেন। গতকাল সকালে গিয়ে বাস না পেয়ে রেলস্টেশনে যান। ট্রেনের সময়সূচির বিপর্যয়ের কারণে ওই সময় তিনি কোনো ট্রেনও পাননি। রাজশাহীর তাপমাত্রা গতকাল বছরের সর্বনিম্ন ছিল। ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডার মধ্যে স্টেশন থেকে ফিরে আবার রস্তায় এসে দাঁড়ান। তিনি বলেন, বাসের এমন গতিবিধি জীবনেও দেখেননি যে বাস উত্তর ও পশ্চিম দিকে যাবে, পূর্ব দিকে যাবে না।
পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে দুলারী খাতুন বলেন, তিনিসহ বাঘাগামী কয়েকজন যাত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে পুঠিয়ার বানেশ্বরে যান। সেখান থেকে হিউম্যান হলারে করে পুঠিয়ায় যান। তারপর ভটভটিতে করে বাঘায় যান। তিনি বলেন, ভটভটিতে কনকনে ঠান্ডার মধ্যে তাদের হাত-পা প্রায় অবশ হয়ে গেছে।
নাটোরের বাসগুলো সাধারণত নগরের নওদাপাড়া বাস টার্মিনাল থেকে ছেড়ে ভদ্রার মোড় থেকে যাত্রী ওঠায়। গতকাল সকাল নয়টার দিকে সেখানে গিয়ে দেখা যায় কোনো বাস নেই। এই সুযোগে অটোরিকশা ও হিউম্যান হলার যাত্রী নিয়ে টানাটানি শুরু করেছে।
সিংড়ার সাচ্চু মিঞা গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর বগলে কাপড়-চোপড়ের পোঁটলা। একজন হিউম্যান হলারের চালক এসে তাঁকে তাঁর গাড়িতে টেনে তুললেন। এরই মধ্যে একজন অটোচালক এসে তাঁর সঙ্গে বচসা জুড়ে দিলেন—‘এই রুটে হিউম্যান হলার চলবে না। অন্য রুটে যাও। এখান থেকে তারা অটো ছাড়বে।’ তিনি সাচ্চু মিঞাকে গাড়ি থেকে টেনে নিচে নামালেন। সাচ্চু মিঞা পোঁটলা হাতে নিয়ে ধুঁকছেন। ঠিকমতো দাঁড়াতে পারছেন না। শীতে কাঁপছেন। তাঁকে এবার একটি অটোতে তোলা হলো। এবার তাঁর সামনে একটা হিউম্যান হলার এসে পথ আগলে দাঁড়াল। নাটোরে যেতে হলে তাঁর গাড়িতে যেতে হবে। অসুস্থ সাচ্চু মিঞাকে আবার নামতে হলো।
পুঠিয়ার শিবপুর এলাকা থেকে আবদুল মজিদ আগের দিনে রাজশাহীতে এসেছিলেন তাঁর ছেলেকে নিতে। ছেলে রাজশাহীতে থেকে পড়াশোনা করে। আবদুল মজিদ ছেলের লেপ ও গরম কাপড় একটা বস্তার মধ্যে নিয়েছেন। ছেলের হাতে বইয়ের কার্টন। একটি রিকশায় এসে বাস নেই শুনে তাঁরা ঠিক করতে পারেন না, কী করে যাবেন। হিউম্যান হলার আর অটোরিকশার টানাটানি দেখে তাঁরা রিকশা নিয়ে তালাইমারী মোড়ের দিকে রওনা দেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন বলেন, তিনি ঢাকায় রয়েছেন। স্থানীয় পথের গাড়ি তো চলার কথা।
তবে শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ বলেন, ‘রাজশাহী থেকে শুধু পুবের দিকে কোনো বাস যাবে না। স্থানীয় পথের হোক আর ঢাকার হোক।’ কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, ‘সবই তো বোঝেন।’