বাস-রেল না পোড়ালে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত চক্র তথাকথিত আন্দোলনের নামে বাস, রেল ও লঞ্চ জ্বালিয়ে না দিলে ঈদের ছুটিতে দেশের মানুষ আরও স্বস্তিতে বাড়ি যেতে পারতেন। তিনি বলেন, তিন মাসে বিএনপি ও জামায়াত জনগণের জানমালের যে পরিমাণ ক্ষতি ও ধ্বংসসাধন করেছে, তা বর্ণনাতীত।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রকল্পগুলো হলো: বান্দরবানের থানচি-আলী কদম সড়ক, রংপুর বিভাগীয় সড়কের ১৬ কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণ, ঢাকায় বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক, বিরুলিয়া সেতু এবং রাষ্ট্রীয় খাতে নির্মিত যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ও দুটি নতুন ফেরি। খবর বাসসের।
গণভবনে এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবেরা বক্তৃতা করেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আয়ের দেশে উন্নীত হব। এ লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সামগ্রিক আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী আর্থসামাজিক ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্যের উল্লেখ করে বলেন, সরকার শিক্ষা বিস্তারে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে।
প্রধানমন্ত্রী সড়ক ও মহাসড়কগুলো যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং সড়কে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক যাতে চলাচল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের কার্যকর পদক্ষেপে শিপিং সেক্টর নতুন জীবন পেয়েছে। এ খাতের আরও উন্নয়নে নতুন জাহাজ ও স্টিমার চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, নতুন জাহাজ এমভি মধুমতি এবং দুটি ফেরি—শহীদ ড. গোলাম মাওলা এবং কে টাইপ ফেরি কুসুম কলি চালু হওয়ায় ঈদে ঘরমুখী মানুষ সহজে বাড়ি যেতে পারবেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় নেতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত এলাকায় থানচি-আলী কদম সড়ক নির্মাণ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুরের মেয়র ও স্থানীয় নেতাদের সঙ্গে আলাপকালে বলেন, নগরে চার লেনের সড়ক নির্মাণে যান চলাচল সহজ হবে এবং এতে জনগণের দুর্ভোগ লাঘব হবে।