বাস-লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন ধরে সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক ও নৌ-যোগাযোগ বন্ধ। বন্ধ রয়েছে আন্তজেলা বাস চলাচলও। ফলে দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল সোমবার বিকেলে বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, বরিশাল-ঢাকা নৌপথের সব লঞ্চ নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়েছে।
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো পরিবহনের গাড়ি চলাচল করছে না। অভ্যন্তরীণ রুটে কিছু অটো ও টেম্পো চলাচল করছে। বরিশাল নৌবন্দরে কথা হয় যাত্রী রোকসানা বেগমের সঙ্গে। তিনি জানান, গত শুক্রবার ঢাকায় যাওয়ার জন্য বাচ্চা ছেলেমেয়ে নিয়ে লঞ্চে উঠেছিলেন। রাত নয়টায় তাঁদের নামিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা ছিল আজ (সোমবার) লঞ্চ ছাড়বে। তাই পরিবার নিয়ে লঞ্চঘাটে আসেন। তবে পন্টুনে এসে দেখেন ঢাকায় যাওয়ার কোনো লঞ্চ ঘাটে নেই। রাগে-ক্ষোভে তিনি বলেন, ‘খালেদা-হাসিনার রাজনীতির বলি আমরা কেন হচ্ছি। আমরা তো রাজনীতি বুঝি না। আমাদের কেন তারা দুর্ভোগে ফেলছেন?’ রাজাপুরের বাসিন্দা শিমুল বেগম বলেন, ‘আগে অবরোধ-হরতালে লঞ্চ চলাচল করত। কিন্তু এবার দেখলাম লাগাতার লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন ঘাটে এসে ফিরে যাই। প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগ পোহাই। আমাদের দেখার কেউ নেই।’
পটুয়াখালীর মাকসুদা বেগম, বরিশালের লিলি বেগমসহ একাধিক যাত্রী একই কথা বলেন। জানতে চাইলে বরিশালে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কবে নাগাদ লঞ্চ চালু হবে, তা বলতে পারছি না।’
বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে মো. নাছিরউদ্দিন ও কামরুজ্জামান জানান, ২৯ ডিসেম্বর বিএনপির কর্মসূচির কারণে বাস চলাচল বন্ধ করা হয়। সেদিন থেকে বাস ও লঞ্চঘাটে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। তাঁরা জানান, বিএনপির কর্মসূচি হয়নি।
বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি এম মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষমতায় থাকা ও ক্ষমতায় যাওয়া নিয়ে দুই প্রধান দলের একগুঁয়েমিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত সরকারি দলের কারণে এখন অবরুদ্ধ সাধারণ নাগরিক।