বাস শ্রমিক-ছাত্র সংঘর্ষ, পুলিশসহ আহত ৭১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস ভাড়াকে কেন্দ্র করে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ৭১ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শুরু হয়ে তিন দফায় দুপুর একটা পর্যন্ত সংঘর্ষ চলে। উত্তেজিত শ্রমিকেরা শিক্ষার্থীদের অবরোধ করে রেখে কলেজে ভাঙচুর চালান।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় একাদশ শ্রেণীর ছাত্র বায়েজীদের সঙ্গে ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। উত্তেজিত শ্রমিকেরা ওই ছাত্রকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা শরীয়তপুর-মাদারীপুর সড়ক অবরোধ করে শ্রমিকদের ওপর চড়াও হলে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড় আহত হন। খবর পেয়ে চার শতাধিক শ্রমিক শরীয়তপুর সরকারি কলেজের চারদিক ঘিরে ফেলেন। এ সময় শ্রমিকেরা ক্যাম্পাসে ঢুকে আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়। আহত ব্যক্তিরা হলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান, এসআই জলিল, এএসআই জয়নাল আবেদীন, কনস্টেবল জালালউদ্দীন ও কনস্টেবল রিপন। তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ৩০ ছাত্র ও ৩৫ জন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে বেলা ১১টা থেকে জেলার সব রুটে বাস, টেম্পোসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থল ও শরীয়তপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।