ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর দাবিতে গতকাল বুধবার দুপুরে কলেজের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তাঁদের দাবিসংবলিত একটি সঞ্চারকলিপি কলেজের অধ্যক্ষের কাছে জমা দেন। শিক্ষার্থীরা বলেন, এ কলেজে বর্তমানে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে সহস্রাধিক শিক্ষার্থী উপজেলার দক্ষিণাঞ্চলের প্রায় ২০টি গ্রামে থাকেন। তাঁদের প্রতিদিন লোকাল বাসে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে কলেজে যাতায়াত করতে হয়। তাই কলেজে বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তা শিগগির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।