বাসকে ট্রেনের ধাক্কা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় খাগড়াছড়িগামী একটি বাসের ছয় যাত্রী আহত হয়েছেন। গতকাল রোববার ভোররাত সাড়ে চারটার দিকে বারৈয়ারহাট পৌরবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিনকি আস্তানা রেলস্টেশনের মাস্টার মঈনুল হুদা মজুমদার প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর থেকে ছেড়ে আসা বাসটি বারৈয়ারহাট পৌরবাজার রেলক্রসিং অতিক্রম করার সময় সেটির স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি বাসটির পেছনে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় বাসটি পাশের একটি দোকানের ওপর আছড়ে পড়ে। তিনি বলেন, দুর্ঘটনার সময় গেটের দারোয়ান সেখানে উপস্থিত ছিলেন বলে তাঁকে জানিয়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আহত ছয় যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মঞ্জুর-উল আলম চৌধুরী প্রথম আলোকে জানান, এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।