বাসচাপা দিয়ে খুন: চালকের রিমান্ড চায়নি পুলিশ
রাজধানীর মিরপুরে বাসচাপা দিয়ে হুমায়ুন কবির খান নামের এক ব্যক্তিকে খুন করার ঘটনায় করা মামলায় পুলিশ আসামি বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করেনি। এ ঘটনায় গ্রেপ্তার আলিফ পরিবহনের বাসচালক ইকবাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।
গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির সামনে বাসচালকের সহকারী ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন হুমায়ুন কবির খান (৪৫) নামের এক ব্যক্তিকে। তারপর সেই সহকারীর ইশারায় বাসচালক বাসটি তুলে দেন ওই ব্যক্তির গায়ের ওপর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান আসামিকে আদালতে হাজির করেন। কিন্তু ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করেননি তিনি। এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আসামি ইকবালকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর থানা-পুলিশ রিমান্ড চেয়ে কোনো আবেদন করেনি।
নিহত হুমায়ুন কবির সাতক্ষীরার রসুলপুরের মরহুম আলী মুর্তজা খানের ছেলে। তিনি স্ত্রী রেবেকা বেগম, ছয় বছরের মেয়ে তাথৈ ও ছয় মাসের ছেলে তীর্থকে নিয়ে মিরপুরের টোলারবাগের একটি বাসায় ভাড়া থাকতেন।
জানা গেছে, গতকাল দুপুরে হুমায়ুন মতিঝিলে অফিস থেকে পেশাগত কাজে শিখর পরিবহনের একটি বাসে করে মিরপুর ১০-এ যান। বাসটির সঙ্গে আলিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৭৯৮৪) রোকেয়া সরণি থেকেই প্রতিযোগিতা করে আসছিল। বাস দুটি মিরপুর ১০-এর গোলচত্বরের সিগন্যালে থামলে শিখর পরিবহনের বাসটির হুমায়ুনসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে তাঁদের বাসের সামনে থাকা আলিফ পরিবহনের বাসটির সামনে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সিগন্যাল ছেড়ে দিলে আলিফ পরিবহনের বাসটির সহকারী সেলিম সামনে থাকা হুমায়ুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুমায়ুন পড়ে গেলে আলিফ পরিবহনের বাসটি তাঁর ওপর তুলে দেন চালক।